আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

মনোনয়ন বিরোধে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, উত্তেজনা – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে জয়পুরহাটে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে আক্কেলপুর উপজেলা সদরে এ সংঘর্ষে অন্তত দুইজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা সকালে উপজেলা পরিষদ এলাকায় জড়ো হন। এ সময় ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী, সাবেক ডিসি ও সচিব আব্দুল বারীর সমর্থকরা সেখানে গিয়ে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোস্তফা গ্রুপের অন্তত দুইজন আহত হন।

সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদে সরে যান। খবর পেয়ে আক্কেলপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আক্কেলপুর থানার (ওসি শরিফুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুজন সামান্য আহত হয়েছেন, তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে উপজেলা জুড়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব আরও গভীর হলে নির্বাচনের আগে দলটির জন্য তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *