আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

সংসদ নির্বাচনের আগে গণভোট হতে দেওয়া হবে না: ফখরুল – Padmatimes24

: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট হতে হবে। এ বিষয়ে আমরা একমত। সংসদ নির্বাচনের আগে কোনো গণভোট হতে দেওয়া হবে না।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তারিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।

বৃহস্পতিবার বিকেলে যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত স্মরণসভায় বিএনপির মহাসচিব আরও বলেন, “কয়েকটি রাজনৈতিক দল বিভিন্ন দাবিদাওয়া নিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। নির্বাচন বানচালের চেষ্টা করছে। নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা জনগণ মেনে নেবে না। অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি ফ্যাসিস্টের হাত থেকে। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার এই সুযোগ আমরা কোনো মহলের চক্রান্তে হারাতে দেব না।”

রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। এখনো কোনো বিষয়ে রাস্তায় নামিনি। বিএনপি কোনো ভেসে আসা দল নয়; এটি দেশের জনগণের গড়া একটি দল।”

ফখরুল দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দয়া করে পানি ঘোলা করবেন না। দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না। আমরা বহু সংগ্রাম করেছি, বহু লড়াই করেছি। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, ২০ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। নতুন করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করা যাবে না।”

তিনি অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়ে বলেন, “আর টালবাহানা না করে নির্বাচনের শিডিউল ঘোষণা করুন এবং অক্টোবরে যে সংস্কারের সিদ্ধান্ত হয়েছে, সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। অন্যথায় আপনারা ব্যর্থ সরকারে পরিণত হবেন এবং এর দায়ভার আপনাদের বহন করতে হবে।”

স্মরণসভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক। সভায় যশোরের পাঁচটি আসনে বিএনপির প্রার্থীরা বক্তব্য দেন। তাঁরা হলেন মফিকুল হাসান, সাবিরা সুলতানা, অনিন্দ্য ইসলাম, টি এস আইয়ুব এবং কাজী রওনকুল ইসলাম। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

ফখরুল প্রার্থীদের পরিচয় করিয়ে তাদের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *