আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

ধানের শীষ ঐক্যের প্রতীক: মিলন – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গণতন্ত্রের পুরোধা হিসেবে উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন বলেছেন- “ধানের শীষ জনগণের ঐক্যের প্রতীক, শুরু থেকেই এটি মানুষের আস্থা ও ভরসার প্রতিচ্ছবি।”

রোববার বিকেলে পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের ৩, ৪ ও ৫নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের পক্ষে গণসচেতনতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রভিত্তিক প্রস্তুতি গ্রহণ বিষয়ক কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

মিলন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বিশেষ ভূমিকা রাখেন। কৃষিখাতসহ রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে তার নেওয়া পদক্ষেপ বাংলাদেশের অগ্রগতির ভিত্তি তৈরি করে। তিনি তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘোচিয়ে দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে রূপ দেন।

তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘ সতেরো বছর ধরে পতিত আওয়ামী লীগ দেশকে বহু ক্ষেত্রে পিছিয়ে দিয়েছে। গণতন্ত্র ধ্বংস হওয়ায় দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তিনি বলেন, “ভোটারশূন্য কেন্দ্রে নিজেরাই ভোট দিয়ে বিজয়ী ঘোষণা করাই ছিল তাদের সংস্কৃতি।”

মিলন আরও বলেন, মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে রাষ্ট্রযন্ত্রকে অচল করে দেয়।

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, আওয়ামী আমলে মিথ্যা মামলা, খুন, গুম ও গায়েবি মামলা দিয়ে মানুষকে আতঙ্কে রাখা হতো। আয়নাঘরের মতো ভয়ঙ্কর নির্যাতনকেন্দ্র তৈরি করে নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

স্বাধীনতা যুদ্ধে দর্শনপাড়া এলাকায় রাজাকার, আলবদর ও আলশামসদের ভূমিকার কথা উল্লেখ করে মিলন বলেন, “যে দল বাংলাদেশ চায়নি, তারা আবার দেশের সেবা করবে- এটা কখনোই গ্রহণযোগ্য নয়।” দেশবাসীকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মিলন বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি জনগণের ভোটাধিকার। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠুভাবে করতে প্রতিটি কেন্দ্রে কমিটি গঠনের ঘোষণা দেন তিনি। একইসঙ্গে কোনো ধরনের সহিংসতা যাতে না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য সবকিছু উৎসর্গ করেছেন। নিজের পরিবার, স্বস্তি- সব হারিয়েও এই দেশের গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন। মিলন বলেন, “আমি পবা-মোহনপুরবাসীর জন্য আমার সবকিছু উৎসর্গ করলাম।”

কর্মীসভায় সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আয়েজুদ্দিন মেম্বার। সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন ও আজাদ আলী অনুষ্ঠান সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, নওহাটা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড।

এছাড়াও উপস্থিত ছিলেন দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির নেতা আলহাজ আবুল কালাম সরকার, ইব্রাহিম খান, আইনাল হক, মাওলা বক্স, কামরুজ্জামান হেনা, আজিজুল ইসলাম, মাহাতাব মেম্বার, শিহাব উদ্দিন, এনামুল হক, কে.এইচ. রানা শেখ, আকমল হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *