আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

নির্বাচন প্রশ্নে কোন আপোষ নয়: মিনু – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন আবারও সরব হয়ে উঠেছে। ইতোমধ্যে বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে।

এরই ধারাবাহিকতায় শনিবার চাঁপাইনবাবগঞ্জে এক সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল প্রার্থীর হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন। এতে প্রার্থিতা নিশ্চিত হওয়ায় সভায় উপস্থিত নেতারা খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুলের প্রতি কৃতজ্ঞতা জানান।

রোববার সকাল সাড়ে ১০টায় রাজশাহীর রানীবাজার এলাকার একটি রেস্টুরেন্টে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি প্রার্থী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনুর পক্ষে নির্বাচনী প্রচারণা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মিনু।

তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং। একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে, ধর্মের নামে মিথ্যাচার করছে, এমনকি বেহেস্তের টিকিট বিক্রির মতো হাস্যকর দাবি করছে। জনগণকে বিভ্রান্তি থেকে ফিরিয়ে আনতে এখনই মাঠে নামতে হবে।”

মিনু বলেন, সদর আসনের ৩০টি ওয়ার্ডে শক্তিশালী নির্বাচনী কমিটি করতে হবে। পাশাপাশি মিডিয়া, প্রচারণাসহ প্রয়োজনীয় সব উপ-কমিটি দ্রুত সময়ের মধ্যে গঠনের নির্দেশ দেন তিনি। তিনি আরও বলেন, “বিএনপি পরিচ্ছন্ন ও গণতান্ত্রিক দল। এখানে কোনো দন্দ নেই, প্রতিযোগিতা আছে- কিন্তু প্রতিহিংসা নেই। ধানের শীষ নিয়ে আমরা সবাই একতাবদ্ধ।”

তিনি নেতাকর্মীদের যোগ্যতা অনুযায়ী কাজে অংশগ্রহণের আহ্বান জানান এবং রাজশাহী মহানগর বিএনপিকে বেশি দায়িত্ব নেওয়ার অনুরোধ করেন।

তিনি বলেন, “রাজশাহী বিএনপির ঘাটি। আর রাজশাহী সদর আসন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনগুলোর একটি। তাই কোনো ছাড় নয়- আজ থেকেই ঘরে ঘরে প্রচারণা শুরু করতে হবে।”

সভায় উপস্থিত নেতৃবৃন্দ মিনুর বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং ধানের শীষকে বিজয়ী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলে আশ্বস্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও মতিহার, রাজপাড়া, বোয়ালিয়া, শাহ মখদুম, কাশিয়াডাঙ্গা, চন্দ্রিমা থানাসহ মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, মুক্তিযোদ্ধা দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *