
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় প্রতিদিনই গণসংযোগ চালিয়ে যাচ্ছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাঃ মোঃ আব্দুল বারী। এর অংশ হিসেবে বুধবার বিকেলে তিনি উপজেলার শ্রীপুর ইউনিয়নে পথসভা ও গণসংযোগ করেন।
ভবানীগঞ্জ গোডাউন মোড় থেকে কয়েকশ’ মোটরসাইকেলের শোডাউন নিয়ে তিনি শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে যান এবং স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
পথসভায় ডাঃ আব্দুল বারী বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারবে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে প্রতিটি সেক্টরের দুর্নীতি দূর করা হবে।”
তিনি আরও বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদককে কঠোরভাবে দমন করা হবে। পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন— জামায়াতে ইসলামী রাজশাহী জেলার শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল আহাদ কবিরাজ, উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর আমীর আশরাফুল ইসলাম আশিক, শ্রীপুর ইউনিয়ন জামায়াত সভাপতি আমজাদ হোসেন, সেক্রেটারি মাসুদুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।




