
নিজস্ব প্রতিবেদক, বাগমারা: রাজশাহী-৪ (বাগমারা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। জামায়াতে ইসলামীর প্রার্থী ডাঃ আব্দুল বারী মনোনয়ন পাওয়ার পর থেকে উপজেলা জুড়ে সক্রিয়ভাবে গণসংযোগ ও মতবিনিময় সভা করছেন। স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন।
ডাঃ আব্দুল বারী প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় সভা-সমাবেশ, পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। স্থানীয়দের সঙ্গে সরাসরি কথা বলে সমস্যাগুলো শুনছেন এবং সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন।
স্থানীয়রা জানান, অন্য প্রার্থীরা এখনো মাঠে তেমন সক্রিয় নয়। বাগমারার বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, “ডাঃ বারীকে প্রায় প্রতিদিনই এলাকায় দেখা যায়। তিনি মানুষের সঙ্গে মিশে তাদের সমস্যা শুনছেন। অন্য প্রার্থীদের এখনও তেমন দেখা যায়নি।”
প্রায় ৩০ বছর ধরে গ্রামে চিকিৎসা দিয়ে আসছেন ডাঃ বারী। এমবিবিএস পাশ করার পরেও শহরে বা বিদেশে যাওয়ার পরিবর্তে তিনি গ্রামে থেকে দরিদ্রদের সেবা করেছেন। দীর্ঘ সময় ধরে মানুষের সেবা করার কারণে তিনি স্থানীয় জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন।
নির্বাচনী এলাকা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এ আসনে জামায়াত ছাড়াও আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য দল অংশগ্রহণ করছেন। তবে এখন পর্যন্ত মাঠে সবচেয়ে দৃশ্যমান প্রার্থী হলেন ডাঃ আব্দুল বারী। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, তত প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।




