আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

ঘরোয়া আড্ডায় চলছে রাজশাহী নগর বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: চারদিকে নির্বাচনি হাওয়া বইলেও রাজশাহী মহানগর বিএনপিতে তেমন নড়াচড়া নেই নেতাদের। নেই কোনো সাংগঠনিক কর্মসূচি বা নেতাকর্মীদের মধ্যে তৎপরতা। ঘরোয়া আড্ডা আর পাড়া-মহল্লা ঘিরেই সীমাবদ্ধ রয়েছে দলীয় কার্যক্রম। কারণ, আড়াই মাস ধরে রাজশাহী মহানগর বিএনপির কোনো কমিটি নেই।

গত ১০ আগস্ট অনুষ্ঠিত হয় মহানগর বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। ওই দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও বার্তায় রাজশাহীর নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন এবং আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ১০ দিনের মধ্যে নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে। কিন্তু আড়াই মাস পেরিয়েও কমিটি গঠন হয়নি, ফলে সাংগঠনিক অচলাবস্থা তৈরি হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নেতৃত্ব বাছাইয়ে মতভেদ ও কেন্দ্রীয় পর্যায়ের বিলম্বিত সিদ্ধান্তের কারণে এখন মহানগর বিএনপি কার্যত নির্দেশনাবিহীন। এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে, যা আগামী জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। সাবেক যুবদল ও ছাত্রদলের নেতাসহ অনেকেই কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখছেন পদ পাওয়ার আশায়, তবে অদৃশ্য জটিলতায় কমিটি ঘোষণায় বিলম্ব হচ্ছে।

রাজশাহী মহানগর বিএনপির সর্বশেষ আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল ২০২১ সালের ১০ ডিসেম্বর। অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুনুর রশিদকে সদস্য সচিব করে ওই কমিটি প্রায় তিন বছর দায়িত্ব পালন করে। আগস্টের সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ছিল, তারা আশা করেছিলেন সেদিনই নতুন নেতৃত্ব ঘোষণা হবে। কিন্তু তা না হওয়ায় অনেকেই হতাশ হয়ে পড়েন।

দলীয় সূত্র বলছে, রাজশাহী-২ (সদর) আসনে কেন্দ্রের এক শীর্ষ নেতার নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। নতুন কমিটিতে ওই নেতার অনুসারীদের স্থান দেওয়া হবে কি না, তা নিয়েই মতবিরোধ রয়েছে। এতে কমিটি ঘোষণার প্রক্রিয়া আটকে আছে বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মহানগর বিএনপির এক সাবেক নেতা বলেন, “দলের সর্বোচ্চ নেতা যখন চাইবেন, তখনই কমিটি হবে। তবে আমরা চাই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব এই আসনে প্রার্থী হোন।”

মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক এরশাদ আলী ঈশা বলেন, “কমিটি না থাকায় কিছু সমস্যা হচ্ছে, তবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। মাঠে নেতাকর্মীরা সক্রিয় আছেন।”

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক ও বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মাহফুজুর রহমান রিটন বলেন, “খুব শিগগিরই নতুন কমিটি হবে বলে শুনছি। কমিটি হলে সবাই আরও উজ্জীবিতভাবে কাজ করতে পারবে।”

দলটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত বলেন, “রাজশাহী বিএনপিতে নেতৃত্বশূন্যতা নেই। সম্মেলনের পর কেন্দ্র যাচাই-বাছাই করছে। আশা করছি, আগামী জাতীয় নির্বাচনের প্রার্থী ঘোষণার সঙ্গে মহানগর কমিটিও ঘোষণা হবে।”

রাজশাহীর তৃণমূল বিএনপি এখন তাকিয়ে আছে কেন্দ্রের সিদ্ধান্তের দিকে। নতুন কমিটি হলে তারা নতুন উদ্যমে সাংগঠনিক কার্যক্রমে ঝাঁপিয়ে পড়বেন বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *