
নিজস্ব প্রতিবেদক, নাটোর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ফারজানা শারমিনের (পুতুল) নাম ঘোষণা করা হয়েছে। এতে অসন্তুষ্ট হয়ে তাঁর ভাই ইয়াসির আরশাদের সমর্থকেরা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বোনের সমর্থকদের বিরুদ্ধে মারধরের অভিযোগও উঠেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত লালপুর উপজেলার কদিমচিলান ও গৌরিপুর মোড়ে।
ফারজানা শারমিন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে। তাঁর ভাই ইয়াসির আরশাদও নাটোর-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। সোমবার সন্ধ্যায় ঢাকায় বিএনপি সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এতে নাটোর-১ আসনে ফারজানা শারমিন, নাটোর-২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার (দুলু) এবং নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে আব্দুল আজিজকে মনোনয়ন দেওয়া হয়।
মনোনয়ন ঘোষণার পর লালপুরে ইয়াসির আরশাদের সমর্থকেরা বোনের সমর্থকদের ওপর হামলার অভিযোগ করেন। এতে জিল্লুর রহমান নামে এক কর্মী আহত হন। তাঁর রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাত ১০টার দিকে কদিমচিলান এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে প্রতিবন্ধকতা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
লালপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কেউ অভিযোগও করেনি।”
অন্যদিকে নাটোর-২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে মনোনয়ন দেওয়ায় রাতেই নাটোর শহরের কানাইখালি, আলাইপুর ও স্টেশনবাজার এলাকায় বিএনপি কর্মীরা আতশবাজি ফাটান ও পটকা ফোটান। এছাড়া সমর্থকদের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়।




