আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

বাগমারায় গভীর রাতে হামলায় যুবদল নেতা রক্তাক্ত, প্রতিষ্ঠান ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা উপজেলা তাহেরপুরে যুবদল নেতা এস এম আরিফুল ইসলাম আরিফের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে। হামলায় আহত যুবদল নেতা আরিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

হামলার জন্য যুবদল নেতা আরিফুল ইসলাম আরিফ বিএনপির এক নেতাকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিক কারণে তাঁকে হত্যার জন্য হামলা চালানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রক্তমাখা শরীরে আরিফুল ইসলাম আর্তনাদ করছেন। ওই যুবদল নেতা বলতে থাকেন, ‘১৭ বছর বিএনপির জন্য রাজপথে রক্ত দিলাম, ত্যাগ স্বীকার করলাম, আজকে বিএনপির নেতাকর্মীর হাতে আমার এই পরিস্থিতি।’

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে আরিফুল তাহেরপুর হরিতলা মোড়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে বসে হিসাবের কাজ করছিলেন। দিবাগত রাত তিনটার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দল আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে সেখানে যায়। তাঁর ওপর হামলা করে, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করে।

আরিফুলের চিৎকারে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের টহলে থাকা দল ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আরিফুল ইসলামকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রাজশাহী জেলা যুবদলের সদস্যসচিব রেজাউল করিম বলেন, ‘‘আরিফুল ইসলাম আরিফ যুবদলের বাগমারার সাবেক যুগ্ম আহ্বায়ক। তাঁর ওপর যে হামলা করা হয়েছে, তা কোনোভাবে কাম্য নয়।’’

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ‘‘যুবদল নেতার উপর হামলা ও তার ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় মামলা হবে। হামলার সঙ্গে করা জড়িত সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *