
: জামায়াতে ইসলামকে ‘ভণ্ড ইসলামী দল’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, ‘‘জামায়াতে ইসলাম সহীহ ইসলামী দল নয়, তারা মদিনার ইসলাম নয়, বরং মওদুদীবাদ প্রতিষ্ঠা করতে চায়। মওদুদীর মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকে না।’’
সোমবার (৪ আগস্ট) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার চৌধুরী ছখিনা কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
সভায় ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করলেও জামায়াতের ব্যাপারে কঠোর অবস্থান জানান হেফাজতের এ শীর্ষ নেতা। তিনি বলেন, ‘‘আমরা জামায়াতকে ইসলামী দল মনে করি না। তারা কখনও মদিনার ইসলাম চায়নি। তারা চায় মওদুদীবাদ প্রতিষ্ঠা করতে। তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়।’’
বিএনপিকে দেশের বৃহত্তম দল উল্লেখ করে তিনি আরও বলেন, ‘‘জামায়াত দেশের বৃহৎ দল নয়। তারা ইসলাম নয়, মওদুদীবাদ প্রতিষ্ঠায় আগ্রহী।’’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আল্লামা শাহ সালাহউদ্দিন নানুপুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা জুনাইদ বিন জালাল, মাওলানা আবু তালেব ও আনাস সুলতানি প্রমুখ।




