আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

সুবিধাবাদী ও হাইব্রিড নেতাদের বিরুদ্ধে বিএনপির কড়া বার্তা

: বিএনপিতে দীর্ঘদিন নিষ্ক্রিয়, সুবিধাবাদী ও ‘হাইব্রিড’ নেতাদের সংখ্যা বাড়ছে। অন্যদিকে আন্দোলন-সংগ্রামে ত্যাগী ও ক্ষতিগ্রস্ত নেতাকর্মীরা ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছেন। এতে ক্ষোভ ও অসন্তোষ দলে ভেতরে বেড়েই চলেছে।

দুর্দিনে আড়ালে, এখন দাপট দেখাচ্ছে হাইব্রিডরা

দলের কঠিন সময়ে মামলা-হামলার ভয়ে যারা চুপ ছিলেন বা বিদেশে চলে গিয়েছিলেন, ৫ আগস্টের পর পরিস্থিতি পাল্টে ফের সক্রিয় হয়ে উঠেছেন অনেকে। নিজেদের ‘নির্যাতিত নেতা’ প্রমাণে মিথ্যা তথ্য দিচ্ছেন কেউ কেউ। এমনকি মনোনয়ন পাওয়ার আশায় লবিং-তদবিরেও নেমেছেন।
তাদের অনেকের দাপটে বিএনপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যানার-পোস্টারে ভরে যাচ্ছে রাস্তা, আবার আওয়ামী লীগের ঘনিষ্ঠরা নানা কমিটিতে জায়গা পাচ্ছেন—যা নিয়ে তৃণমূলের ত্যাগী নেতাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

কেন্দ্রীয় পর্যায়ে কঠোর অবস্থান

অভিযোগের পাহাড় জমলেও বিএনপি এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুবিধাবাদীদের ‘বসন্তের কোকিল’ আখ্যা দিয়ে তাদের ব্যাপারে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক শাস্তিও দেওয়া হচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “দলের কাছে পরিষ্কার আছে কে ১৭ বছরের আন্দোলনে কতটা ভূমিকা রেখেছেন। মনোনয়ন ও মূল্যায়নে তা প্রতিফলিত হবে।”

তৃণমূলের ক্ষোভ, কেন্দ্রের পদক্ষেপ

গাজীপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুরসহ বিভিন্ন স্থানে সুবিধাবাদী ও আওয়ামী লীগপন্থীদের কমিটিতে অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। এসব ঘটনায় কেন্দ্রীয় দপ্তরে লিখিত অভিযোগ জমা পড়েছে। অনেক ক্ষেত্রেই যাচাই করে বিতর্কিত ব্যক্তিদের বাদও দেওয়া হয়েছে।
ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, “ত্যাগী নেতাদের বঞ্চিত করে সুবিধাবাদীদের জায়গা দেওয়া অত্যন্ত দুঃখজনক। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় ত্যাগী নেতাদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন।”

জিরো টলারেন্সে বিএনপি

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, “দলের নাম ভাঙিয়ে যারা দখলবাজি, চাঁদাবাজি করছে—তাদের বিরুদ্ধে ইতিমধ্যে কয়েক হাজার নেতাকর্মীর ওপর ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নিচ্ছে দল।”

সুবিধাবাদী ও হাইব্রিড নেতাদের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর হচ্ছে বিএনপি। তৃণমূলের ক্ষোভ প্রশমনে এবং দলের ভাবমূর্তি রক্ষায় ত্যাগী নেতাদের সামনে আনার ওপর জোর দিচ্ছে হাইকমান্ড।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *