
নিজস্ব প্রতিবেদক, রাবি: ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন একটি ক্যাম্পাস যেখানে বামপন্থী সংগঠনের ভেতরেও শিবির অনুপ্রবেশ করেছে। অনেকে অন্য সংগঠনের পদে থাকলেও আসলে তারা শিবিরের হয়ে কাজ করছে’- এমন অভিযোগ তুলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘সম্প্রতি এক ছাত্রদল নেতার মন্তব্যে নারী শিক্ষার্থীরা সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট নেতার সাথে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সঠিক জবাব মেলেনি। এ কারণে ছাত্রদল তাকে প্রাথমিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে এবং বিশ্ববিদ্যালয় শাখা তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।’’
অমানউল্লাহ আমান আরও বলেন, ‘‘আমরা চাই না কোনো নারী শিক্ষার্থী সাইবার বুলিংয়ের শিকার হোক কিংবা এ নিয়ে কেউ অপরাজনীতি করুক। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় যে-ই জড়িত থাকুক না কেন, তাকে বহিষ্কার করা হবে। অপরাধী যে পরিচয়েরই হোক, ছাত্রদল সবসময় বোনদের পাশে থাকবে।’’
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একটি বিশেষ সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একাধিক স্তরে কার্যক্রম পরিচালনা করছে। এমনকি কিছু হলে প্রভোস্ট মেয়েদের ইসলামী ছাত্রী সংস্থায় যুক্ত হওয়ার জন্য চাপ সৃষ্টি করেন বলেও দাবি করেন তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার পর হলে ফেরার কারণে ‘জুলাই ৩৬’ হলের ৯১ জন ছাত্রীকে তলব করে নোটিশ দেয় কর্তৃপক্ষ। পরে সমালোচনার মুখে নোটিশ প্রত্যাহার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ছাত্রদল নেতার কুরুচিপূর্ণ মন্তব্য ভাইরাল হয়। এর প্রতিবাদে ছাত্রদল সংবাদ সম্মেলন করে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়।




