
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া: রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের মনোনয়ন বাতিলের দাবিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ের নিচে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন শেষে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে মানববন্ধন করে নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, তৃণমূলের মতামত উপেক্ষা করে অধ্যাপক নজরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও দলের কর্মসূচি থেকে দূরে রয়েছেন এবং এলাকায় তার তেমন গ্রহণযোগ্যতা নেই।
বক্তারা বলেন, “রাজশাহী-৫ আসনে এমন অনেক ত্যাগী, পরীক্ষিত ও জনসমর্থিত নেতা আছেন যারা দুঃসময়ে দলকে আগলে রেখেছেন। অথচ তৃণমূলের মতামত উপেক্ষা করে এক অজানা ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।”
লিখিত বক্তব্যে আরও জানানো হয়, পুঠিয়া-দুর্গাপুর আসনে নির্যাতিত ও মামলা-হামলার শিকার পাঁচজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এরা হলেন- আবু বক্কর সিদ্দিক, রোকুনুজ্জামান আলম, জুলফার নাইম মোস্তফা, ইসফা খায়রুল হক শিমুল এবং গোলাম মোস্তফা। কিন্তু তাদের কাউকেও মনোনয়ন না দিয়ে এমন একজনকে প্রার্থী করা হয়েছে, যার নামে কোনো মামলা নেই এবং যিনি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ত নন।
বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অধ্যাপক নজরুল ইসলামের মনোনয়ন বাতিল করে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নেতাকে প্রার্থী করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবু বক্কর সিদ্দিকের পক্ষে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, রাজশাহী জেলা শ্রমিকদলের সভাপতি রোকুনুজ্জামান আলমের পক্ষে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, জুলফার নাইম মোস্তফার পক্ষে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনসুর রহমান মাস্টার, ইসফা খায়রুল হক শিমুলের পক্ষে মুক্তাদির হোসেন মন্টু।




