
: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিভিন্ন ব্যাংক থেকে লুট করা অর্থ দিয়ে আওয়ামী লীগ ককটেল কিনে নাশকতা চালাচ্ছে। সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, “বিগত ফ্যাসিস্ট আমলে যারা অপরাধ করেছে এবং নির্দেশ দিয়েছে- তারাই আজ লজ্জাহীনভাবে বাসে আগুন দিচ্ছে। ব্যাংক লুটের টাকায় ককটেল কেনা হচ্ছে। পদ্মা সেতু ও মেট্রোরেল প্রকল্পের আত্মসাৎ করা অর্থ থেকেই এসব নাশকতার অর্থ জোগান দেওয়া হচ্ছে।”
তিনি দাবি করেন, আগুন সন্ত্রাসের সঙ্গে বিএনপি বা গণতন্ত্রকামী মানুষের কোনো সম্পর্ক নেই। “আগুন সন্ত্রাস কারা করে তার নমুনা এখন স্পষ্ট,” বলেন তিনি।
রুহুল কবির রিজভী আরও বলেন, “আমরা একটি শান্তিময় বাংলাদেশ চাই- যেখানে সব রাজনৈতিক দল তাদের মতামত অবাধে প্রকাশ করতে পারবে এবং ভোট হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক।”
শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, অপরাধের শাস্তি সঠিকভাবে হলে তা দৃষ্টান্ত হয়ে থাকবে। রিজভীর মতে, বিগত সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণে নিয়ে অপপ্রচার চালিয়েছে, তবে এখন আর ‘নির্দেশিত আদালত’ হবে না -এটাই জনগণের বিশ্বাস।
ভারতে অবস্থানরত শেখ হাসিনার নির্দেশনাকে আইনবহির্ভূত দাবি করে রিজভী বলেন, “ভারত কেন এমনটিকে প্রশ্রয় দিচ্ছে? অপরাধীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নাশকতার সুযোগ তৈরি করে তারা আইনের লঙ্ঘন করছে। বাংলাদেশের মানুষ এটি ভালোভাবে দেখছে না; এমন আচরণ কাম্য নয়।”
এ সময় তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে (২০ নভেম্বর) কোনো ধরনের অনুষ্ঠান না করার নির্দেশ দেওয়া হয়েছে। কেক কাটা বা অন্য কোনো উদ্যাপন না করে সেই অর্থ দান করার আহ্বান জানান তিনি।




