আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

দেশে ফেরার সিদ্ধান্ত ‘একক নিয়ন্ত্রণাধীন নয়’-জানালেন তারেক রহমান

: গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও প্রার্থনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তার জ্যেষ্ঠ পুত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে সংকটময় এই সময়ে মায়ের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষার কথা জানালেও তিনি স্পষ্ট করেন-দেশে ফেরা তার একক সিদ্ধান্তের বিষয় নয়।

শনিবার (তারিখ) সকালে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তারেক রহমান বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। মুহূর্তেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া বর্তমানে ‘গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন’ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউয়ে চিকিৎসাধীন। তার সুস্থতার জন্য দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের দোয়া ও শুভকামনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন-

“সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শনের জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে সবাইকে গভীর কৃতজ্ঞতা জানাই। তার আশু রোগমুক্তির জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ করছি।”

তিনি আরও জানান, দেশ-বিদেশের চিকিৎসক দল সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। পাশাপাশি কয়েকটি বন্ধুপ্রতীম রাষ্ট্র উন্নত চিকিৎসাসহ প্রয়োজনীয় সহযোগিতায় আগ্রহ ব্যক্ত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

স্ট্যাটাসের সবচেয়ে আলোচিত অংশ ছিল দেশে ফেরার প্রশ্নে তারেক রহমানের আবেগঘন মন্তব্য। তিনি লেখেন-

“এমন সঙ্কটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আমারও রয়েছে। কিন্তু এর বাস্তবায়নে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয়।”

এ বিষয়ে বিস্তারিত বলার সুযোগ সীমিত উল্লেখ করে তিনি ইঙ্গিত দেন, রাজনৈতিক বাস্তবতার কারণেই দেশে ফিরতে দেরি হচ্ছে। তবে পরিস্থিতি অনুকূলে এলে তার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে শুক্রবার জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *