
: কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রা স্থগিত হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে শনিবার তা ঢাকায় পৌঁছাতে পারে। শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।
তিনি বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযোগী হলে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ইনশাল্লাহ ৭ তারিখ, রোববারই তিনি ফ্লাই করবেন।”
এদিকে, খালেদা জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, শুক্রবার সকাল ১০টা ৫৩ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন।




