
: শেখ মুজিবুর রহমান জাতির জনক নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘জাতির পিতা’ উপাধি কোনো ঐতিহাসিক সত্য নয়, বরং এটি আওয়ামী লীগের তৈরি একটি ‘ফ্যাসিবাদী হাতিয়ার’।
‘বাংলাদেশের মালিক এ দেশের জনগণ’ শিরোনামের ওই পোস্টে নাহিদ লেখেন, স্বাধীনতা অর্জনে শেখ মুজিবুর রহমানের ভূমিকা ও আত্মত্যাগ স্বীকার করলেও, তার শাসনামলে সংঘটিত জাতীয় ট্র্যাজেডিও স্মরণ করতে হবে। তিনি দাবি করেন, তার নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি ঔপনিবেশিক রাজ্যে পরিণত হয়েছিল, গণবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল এবং ‘বাকশাল’-এর মাধ্যমে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
নাহিদের ভাষ্য, আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির মূলে রয়েছে ‘মুজিব পূজা’ ও ‘মুক্তিযুদ্ধ পূজা’, যা জনগণকে বিভক্ত করে, লুটপাট ও দমন-পীড়নের বৈধতা দেয়। কয়েক দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে পৈতৃক সম্পত্তি মনে করে শাসন করেছে এবং প্রতিটি দুর্নীতি ও দমনমূলক কার্যক্রমে মুজিবের নাম ব্যবহার করেছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান এই ‘জমিদার তন্ত্র’ ভেঙে দিয়েছে। কোনো ব্যক্তি, পরিবার বা আদর্শকে জনগণের অধিকারের ঊর্ধ্বে যেতে দেওয়া হবে না। ‘মুজিববাদ’কে তিনি একটি ফ্যাসিবাদী ও বিভাজনের মতবাদ হিসেবে আখ্যায়িত করেন, যার অর্থ গুম, খুন, ধর্ষণ, মানবাধিকার লঙ্ঘন, লুটপাট, ইসলামভীতি, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘুদের ভূমি দখল ও জাতীয় স্বার্থ বিদেশি শক্তির কাছে বিক্রি।
নাহিদ ইসলাম বলেন, মুজিববাদ একটি জীবন্ত বিপদ, যা মোকাবেলায় রাজনৈতিক, আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধ প্রয়োজন। বাংলাদেশের মালিক জনগণ, এটি কোনো ব্যক্তি বা পরিবারের সম্পত্তি নয়।




