
: শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদকে দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তা জানতে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। রোববার রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, মুনতাসির মাহমুদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে এবং প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়া গেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে তাঁকে দলের সব সাংগঠনিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি তদন্তের দায়িত্ব পেয়েছেন দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন।
তবে চিঠিতে শৃঙ্খলাভঙ্গের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
জানা গেছে, রোববার দুপুরে মুনতাসির মাহমুদ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ সমর্থকদের পুনর্বাসনের অভিযোগ এনে একদল কর্মী নিয়ে মগবাজারের রেড ক্রিসেন্ট ভবনে বিক্ষোভ করেন। এর পরপরই দলীয় সিদ্ধান্তে তাঁকে কারণ দর্শানোর নোটিশ ও অব্যাহতির চিঠি পাঠানো হয়।
ঘটনার পর রাতে নিজের ফেসবুক আইডিতে মুনতাসির একটি পোস্টে দাবি করেন, ‘জুলাইয়ের গাদ্দার’ নামের এক ব্যক্তি তাঁকে হুমকি দিয়েছেন এবং তাঁকে গুমের আশঙ্কাও প্রকাশ করেন। তিনি বলেন, “আমি রেড ক্রিসেন্ট সোসাইটিতে শান্তিপূর্ণ অবস্থান চালিয়ে যাব, যতক্ষণ না চেয়ারম্যান পদত্যাগ করেন।”




